লেস্টারেই ভালো আছেন ভার্ডি

আপডেট : ১০ মে ২০১৬, ২১:৩৩
লেস্টার সিটিকে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন করানোর অন্যতম নায়ক জেমি ভার্ডিকে নিয়ে আগামী দল-বদলের বাজারে কাড়াকাড়ি পড়ে যাবে বলে অনেকেই ধারণা করছেন। তবে প্রিয় ক্লাবেই থেকে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন ইংলিশ এই স্ট্রাইকার।
 
 
লেস্টারে সুখে আছেন জানিয়ে এবারের ইপিএলে এখন পর্যন্ত ২৪ গোল করা ভার্ডি বলেন, আমরা মাত্রই লিগ জিতেছি এবং আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগ খেলব। আমি এখানে সুখে আছি। মৌসুমের শুরুতে ইপিএলের শিরোপা লড়াইয়ে লেস্টারের পক্ষে বাজির দর ছিল ৫০০০-১। ‘পুঁচকে’ ওই দলই একের পর এক চমক জাগিয়ে দুই ম্যাচ হাতে রেখে ইংলিশ ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় প্রথম শিরোপা নিশ্চিত করে। 
 
লেস্টারের অসাধারণ এই কীর্তি গড়ায় বড় অবদান রাখা ভার্ডি প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১১ ম্যাচ গোল করেন। মৌসুম জুড়ে দারুণ পারফরম্যান্সের জন্য ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) বর্ষসেরার পুরস্কার জেতা ভার্ডি গত ফেব্রুয়ারিতে লেস্টারের সঙ্গে নতুন চুক্তি সই করেন, যার মেয়াদ ২০১৯ সালের জুন মাস পর্যন্ত। আগামী রোববার লিগের শেষ রাউন্ডে চেলসির মাঠে খেলবে ক্লদিও রানিয়েরির দল লেস্টার। গোল.কম।