দেশের প্রতিটি দুই লেনের রাস্তা পর্যায়ক্রমে ফোর লেনে পরিণত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, '২০১৮ সালের মধ্যে দেশের যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী পদ্মাসেতু, মেট্টোরেল, কর্ণফুলী টানেলের কাজ সময় মতো শেষ হবে।'
ওবায়দুল কাদের মঙ্গলবার সিরাজগঞ্জে এনায়েতপুর-শাহজাদপুর সড়ক পরিদর্শন শেষে দরগাচর এলকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, 'সারাদেশের রাস্তাগুলোকে ৪ লেনে করার কাজ শেষ হলে, দেশের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধিত হবে। ইতোমধ্যে গাজীপুর থেকে টাঙ্গাইলে ফোর লেনের কাজ শুরু করা হয়েছে। এই কাজে ৫টি ফ্লাইওভার ২৬টি ব্রিজ সহ কালভার্ট নির্মাণ করা হবে।'
ফোর লেনের অগ্রগতির কথা জানিয়ে মন্ত্রী বলেন, 'বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান (বিবিআইএন) এর চুক্তির কাজ আগামী জুলাই থেকে শুরু করা হবে। ইতিমধ্যে তিনটি দেশ এই কাজের অনুমতি দিয়েছে। শুধু ভুটানের পার্লামেন্ট এই কাজের অনুমতি বাদ রয়েছে। এই কাজটি শুরু হলে উত্তরবঙ্গের রাস্তার গুরুত্ব অনেক বেড়ে যাবে। সেই সময় আর ২ লেনের রাস্তায় কোন কাজ হবে না। তাই ফোর লেন রাস্তা নির্মাণ করতে হবে।'
আগামী ঈদের সময় রাস্তায় কোন সমস্যা হবে না উল্লেখ করে সেতু মন্ত্রী বলেন, 'ঈদে ঘরফেরা মানুষের এবার কোন কষ্ট হবে না। কারণ রাস্তাঘাটে গত কয়েক বছরের তুলনায় এবারের রাস্তার অবস্থা অনেক ভালো রয়েছে। যে টুকু সমস্যা রয়েছে তা ঈদের আগেই সমাধান করা হবে।'
এ সময়ে সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন, সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভাগীয় প্রকৌশলী আবু রওশন, সিরাজগঞ্জ নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
