ওয়েস্ট হ্যামের মাঠে ৩-২ গোলে হারল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে এই হারে চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন আরো ফিকে হয়ে গেল ম্যানইউ এর। ৩৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা। চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬৫।
ইউনাইটেডের চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পেতে শেষ রাউন্ডে বোর্নমাউথকে অবশ্যই হারাতে হবে এবং প্রার্থনা করতে হবে যেন সোয়ানসি সিটির কাছে ম্যানচেস্টার সিটি হারে। প্রিমিয়ার লিগের প্রথম তিনটি দল সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে। চতুর্থ স্থানের দলটিকে প্লে-অফ খেলে আসতে হবে।
মঙ্গলবার মাঠে আসার পথে ইউনাইটেড দলের বাস স্বাগতিক সমর্থকদের হামলার শিকার হয় এবং পরে পুলিশি নিরাপত্তায় মাঠে পৌঁছায় ওয়েইন রুনিরা। এ কারণে ৪৫ মিনিট দেরিতে শুরু হয় ম্যাচটি। লন্ডনে উপটন পার্কের বোলেইন গ্রাউন্ডে ১১২ বছরের রাজত্ব ছেড়ে আগামী মৌসুম থেকে অলিম্পিক স্টেডিয়াম হবে ওয়েস্ট হ্যামের ঘরের মাঠ।
এত দিনের চেনা মাঠে বিদায়ী ম্যাচে দিয়াফরা সাকোর নৈপুণ্যে ওয়েস্ট হ্যামের শুরুটা হয় দারুণ। গোললাইনের কাছ থেকে আর্জেন্টিনার মিডফিল্ডার মানুয়েল লান্সিনির ব্যাক পাস পেয়ে প্রথম শটেই বল জালে জড়ান সেনেগালের এই ফরোয়ার্ড।
১৯তম মিনিটে ইউনাইটেডের রক্ষণের দুর্বলতায় ব্যবধান দ্বিগুণ করার সহজ সুযোগ পেয়েছিলেন অ্যান্ডি ক্যারোল, কিন্তু বিনা বাধায় বল পায়ে ডি বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়েও মাথা ঠান্ডা রাখতে পারেননি এই ইংলিশ স্ট্রাইকার। তার সোজাসুজি শট সহজেই ঠেকিয়ে দেন দাভিদ দে হেয়া।
দ্বিতীয়ার্ধের শুরতেই গোলরক্ষক দে হেয়ার লম্বা শট নিয়ন্ত্রণে নিয়ে মার্কাস র্যা শফোর্ড বাড়ান হুয়ান মাতাকে। স্প্যানিশ এই মিডফিল্ডারের পাস ধরে ফাঁকা জালে বল জড়ান অন্তনি মার্শিয়াল। ৭২তম মিনিটে মার্শিয়ালের দ্বিতীয় গোলে এগিয়ে যায় ইউনাইটেড। মাঝ মাঠের কাছ থেকে র্যা শফোর্ডের বাড়ানো বল ধরে বাঁ-দিক দিয়ে ডি বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে নীচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই ফরাসি ফরোয়ার্ড।
ইউনাইটেডের এগিয়ে যাওয়ার স্বস্তি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি; ৭৬তম মিনিটে দিমিত্রি পায়েতের উঁচু করে বাড়ানো বলে হেডে সমতা ফেরান ইংলিশ মিডফিল্ডার মিখাইল অ্যান্টোনিও।
৮০তম মিনিটে উইন্সটন রেইডের গোলে ফের এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। এ গোলেও অবদান ফরাসি ফরোয়ার্ড পায়েতের, তার ক্রসেই হেড করে লক্ষ্যভেদ করেন নিউ জিল্যান্ডের ডিফেন্ডার রেইড। শেষ পর্যনত এ ব্যবধান ধরে রেখেই জয়ের আনন্দে মাঠ ছাড়ে ওয়েস্ট হ্যাম। বিডি নিউজ।
