মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন প্রিয়াংকা চোপড়া, কেবল সন্তান ছাড়া আর কোনও ব্যাপারে তার পুরুষকে প্রয়োজন পড়বে না! কথাটা শোনার পর থেকে হুলুস্থুলু পড়ে গিয়েছিল ভাল মতো। বিশেষ করে, চাপে পড়েছিলেন প্রিয়াংকার মা মধু চোপড়া। সবাই প্রায় কোণঠাসা করে ফেলেছিলেন তাকে, কী রকম মা তুমি হে, মেয়ে এত বড় হয়ে গেল, এখনও তার বিয়ের বন্দোবস্ত করছো না!
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথা ফের উঠল! এবং, ওঠা মাত্র জানিয়ে দিলেন মধু, হ্যাঁ, প্রিয়াংকা বিয়ে করবেন! বিয়ে না করার কোনও পরিকল্পনাই তার নেই!
তা, কবে বিয়ে করছেন প্রিয়াংকা?
এখানেই সব কৌতূহলের আগুনে এক কলসি ঠান্ডা জল ঢেলে দিয়েছেন মধু। হাসতে হাসতে বলেছেন, 'এটা প্রিয়াংকাই ভাল বলতে পারবে। আমি নিজে থেকে জোর দেবো না। আসলে চোখের উপর দেখছি তো আজ বিয়ে হচ্ছে, আবার কালকেই সেটা ভেঙেও যাচ্ছে! তাই সিদ্ধান্তটা ওর উপরেই ছেড়ে দিচ্ছি।'
তবে, মধু যখন বলছেন তখন নিশ্চিন্ত হওয়াই যায়! কিছু দিন আগে জোর গুজব ছড়িয়েছিল, 'কোয়ান্টিকো'-র এক সহ-অভিনেতার সঙ্গে প্রেম করছেন প্রিয়াংকা, চোখ রাখা যায় সে দিকেও!
