শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, 'এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েদের অংশগ্রহণ ও উত্তীর্ণের সংখ্যা বেড়েছে। সব শিক্ষাবোর্ডে ছাত্রের তুলনায় ছাত্রীরা শূন্য দশমিক ১৯ শতাংশ বেশি পাস করেছে।'
বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ছেলেরা আরেকটু বেশি মনোযোগ দিয়ে পড়লে তারা মেয়েদের সমান ফল করতে পারবে।
তিনি বলেন, গত বছরের তুলনায় এবার পাসের হার ১ দশমিক ২৫ ভাগ বেড়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ও বিজ্ঞান বিভাগে উত্তীর্ণের সংখ্যা বেড়েছে। সব সূচকে ফলের মান বৃদ্ধির পেছনে শিক্ষা মন্ত্রণালয় বেশ কিছু ভূমিকা রেখেছে। এর মধ্যে বিনামূল্যে ও সঠিক সময়ে শিক্ষার্থীদের মধ্যে বই তুলে দেয়া, টেলিভিশনে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের সেরা শিক্ষকদের পাঠদান প্রচার, নকল বিরোধী ব্যাপক প্রচারণা ও তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার উল্লেখযোগ্য।
মন্ত্রী বলেন, পুরো শিক্ষা ব্যবস্থার জন্য এ তথ্যগুলো খুবই ইতিবাচক। শিক্ষা মন্ত্রণালয়ের গৃহীত নানা পদক্ষেপ, শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের অক্লান্ত প্রচেষ্টাসহ সমগ্র শিক্ষা পরিবারের সার্বিক সহযোগিতায় এ অবস্থায় পৌঁছানো সম্ভব হয়েছে।
