এএফসি কাপের শেষ ম্যাচেও বিশাল ব্যবধানে পরাজয় মেনে নিলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এএফসি কাপ গ্রুপ ‘ই’র শেষ ম্যাচে ফিলিপাইনের সেরেস লা সালের কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন।
খেলার ৯, ৫৭ ও ৬৪ মিনিটে তিনটি গোল করে হ্যাটট্রিক করেন স্বাগতিকদের ফরোয়ার্ড আদ্র্রিয়ান গালার্দো। খেলার সাত মিনিটে গোলের সূচনা করেছিলেন আরেক ফরোয়ার্ড বেনভিনডো মারানন। ৭০ মিনিটে মিডফিল্ডার জেফরি ক্রিস্টিয়ানেস করেন পঞ্চম গোলটি।
এর আগে একই দলের বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হোম ম্যাচে জামাল হেরেছিল ২-০ গোলে। ছয় খেলা শেষে তিন পয়েন্ট নিয়ে চার দলের গ্রুপে সর্বনিম্ন স্থানে শেখ জামাল।
১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সেরেস লা সালে। ১০ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে সিংগাপুরের ট্যাম্পাইন্স রোভার্স। অন্য দল মালয়েশিয়ার সেলানগরের পয়েন্ট আট। সেরেস লা সালে ও ট্যাম্পাইন্স রোভার্স খেলবে দ্বিতীয় রাউন্ডে।
