চাটমোহরে প্রতিপক্ষের হামলায় চেয়ারম্যান প্রার্থীসহ আহত ১০

আপডেট : ১১ মে ২০১৬, ১৫:১৭
পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নে প্রতিপক্ষের হামলা ও মারপিটে চেয়ারম্যান প্রার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে।
 
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে হরিপুর ইউনিয়নের চড়ইকোল বাজারে এ ঘটনা ঘটে। আহত চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম সরদার (৪৫) অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

থানায় দায়ের করা অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে ওই ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কাশেম কর্মীদের নিয়ে গণসংযোগে বের হন। তারা মোটরসাইকেল বহর নিয়ে ইউনিয়নের চড়ইকোল বাজারে পৌঁছানো মাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মকবুল হোসেনের কর্মী-সমর্থকরা তাদের উপরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেমসহ অন্ততঃ ১০ জন আহত হন। এক পর্যায়ে তাদের চিৎকারে বাজারের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। আহতরা হলেন, ধুলাউড়ি গ্রামের নজরুল ইসলাম (৩৫), মজিবর (৫৫), আ. কুদ্দুস (৫০) ও পাচবাড়িয়া গ্রামের নিলয় (২৮)। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আশংকাজনক অবস্থায় চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেমকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
এ ঘটনায় ওই প্রার্থীর বড় ভাই আ. কুদ্দুস সরদার বাদী হয়ে মামলা করেছেন।
 
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি() সুব্রত কুমার সরকার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।