এসএসসির ফল দেখা হলো না বাবুলের

আপডেট : ১১ মে ২০১৬, ১৮:২৯
এসএসসি পরীক্ষার ফল দেখা হলো না বাবুল শিকদারের। ক্রিকেট খেলার সময় নো বলকে কেন্দ্র করে এক বন্ধুর ব্যাটের আঘাতে নিহত হয় বাবুল।
 
বাবুল এবার ‍মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে।
 
বুধবার বেলা ১১টার দিকে মিরপুরের বড় বাগের বসতি হাউজিংয়ের ধানক্ষেত মোড় সংলগ্ন একটি খেলার মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিধান নামে এক কিশোরসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
 
মিরপুর থানার ওসি ভূঁইয়া মাহাবুবুর রহমান জানান, বসতি হাউজিংয়ের ১০/সি নম্বর বাড়িতে বাবুলের বাসা।তার বাবা মোস্তফা শিকদার স্থানীয় রাব্বি অটো মোবাইলসের মেকানিক।
 
বেলা ১১টার দিকে খেলা চলার সময় একটি বলে আউট হয় বাবুল। বলটি নো ছিল বলে বাবুল দাবি করে। এ নিয়ে বিবাদের শুরু হয়। বিবাদের এক পর্যায়ে বিধান ব্যাট দিয়ে বাবুলের মাথায় আঘাত করে। আহত অবস্থায় বাবুলকে আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মিরপুর থানার এসআই শাহাজান আলী লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। ঘটনার পর পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাবুলের মা জাহানারা বেগমসহ পরিবারের সদস্য ছুটে যান । দুই ভাইয়ের মধ্যে বাবুল ছিল বড়।
 
দুপুরে এসএসসির ফল প্রকাশের পর দেখা যায়-বাবুল জিপিএ-৫ পেয়ে উৎতীর্ণ হয়েছে।