ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কলাবাগান একাডেমির বিপক্ষে দারুণ জয়ে আবারো শীর্ষে ফিরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। পাঁচ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে মুশফিকুর রহিমের দল। আর টানা পাঁচটি ম্যাচ হেরে তলানিতেই রইলো কলাবাগান ক্রিকেট একাডেমি।
মঙ্গলবার কলাবাগানের দেওয়া ২৩২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামে মোহামেডান। ব্যাটিংয়ে নেমে শুরুতেই সৈকত আলীকে হারায় তারা। এরপর ইজাজ আহমেদের সঙ্গে দারুণ এক জুটি গড়েন উপুল থারাঙ্গা। তবে ২০.৫ ওভারে ১ উইকেটে ৯৭ রান করার পর বৃষ্টি নামলে ডিএল মেথডে দলটির নতুন লক্ষ্য দাঁড়ায় ৪৩ ওভারে ২০৭ রান।
দ্বিতীয় উইকেট জুটিতে ১১১ রান সংগ্রহ করেন ইজাজ ও থারাঙ্গা। দলীয় ১২৫ রানে ইজাজের বিদায়ের পর মুশফিককে নিয়ে ৪৯ রানের আরেকটি ভালো জুটি উপহার দেন থারাঙ্গা।
এরপর দ্রুত চার উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়লেও থারাঙ্গার দৃঢ়তায় তিন বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। দলের পক্ষে সর্বোচ্চ ৯০ রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা থারাঙ্গা।
