ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা দুই ম্যাচে হারের পর জয়ের দেখা পেলো শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। মঙ্গলবার মাহমুদউল্লাহ রিয়াদ ও মার্শাল আইয়ুবের শতকে সিসিএসকে ৯০ রানে হারায় দলটি।
মঙ্গলবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৯০ রান করে শেখ জামাল। শুরুটা অবশ্য ভালো হয়নি তাদের। ৩৪ রানের মধ্যেই ফিরে যান দুই ওপেনার আব্দুল্লাহ আল মামুন ও মাহবুবুল করিম।
৩৯ ওভার স্থায়ী তৃতীয় উইকেটে ২০৩ রানের বিশাল জুটিতে প্রাথমিক ধাক্কা সামলে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান মার্শাল ও মাহমুদউল্লাহ। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের প্রথম শতকের পর মার্শালের বিদায়ে ভাঙে এই জুটি।
১১৫ বলে খেলা মার্শালের ১০৩ রানের ইনিংসটি গড়া ১২টি চারে। মার্শালের বিদায়ের পর সিসিএসের বোলারদের ওপর চড়াও হন ম্যাচ সেরা মাহমুদউল্লাহ। ৪৯তম ওভারে ফেরার আগে চলতি আসরে নিজের প্রথম শতকে পৌঁছান এই অলরাউন্ডার। ১৩৯ বলে খেলা তার ১৩০ রানের অধিনায়কোচিত ইনিংসটি সাজানো ৮টি চার ও ৫টি ছক্কায়।
জবাবে নয় বল বাকি থাকতে ২০০ রানে গুটিয়ে যায় সিসিএসের ইনিংস।
