দ্বিতীয় বারের মতো ফাঁস হয়েছে যুক্তরাজ্যের প্রাথমিক শিক্ষার্থীদের পরীক্ষার প্রশ্ন। মঙ্গলবার বানান ও ব্যাকরণ বিষয়ক এই পরীক্ষায় দেশটির ১০-১১ বছরের ৬ লাখ শিক্ষার্থীর অংশ নিয়েছে।
জানা গেছে, এই পরীক্ষার একদিন আগেই যুক্তরাজ্যের শিক্ষা বিভাগের সঙ্গে চুক্তিভুক্ত পিয়ারসন নিজেদের ওয়েবসাইটে ভুল করে প্রকাশ করে। বিদ্যালয় বিষয়ক মন্ত্রী নিক গিব প্রশ্ন ফাঁসের খবর নিশ্চিত করেন। তার মতে পিয়ারসন ভুল করে একটি সিকিউর ওয়েবসাইটে প্রশ্নটি আপলোড করে। সেখানে প্রবেশাধিকার রয়েছে এমন একজন ব্যক্তি সেটি অনলাইনে উন্মুক্ত করে দেন। প্রশ্ন ফাঁস হওয়ার পরেও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় মনে করে, এই পরীক্ষার বিরুদ্ধে সুগভীর চক্রান্তের অংশ হিসেবে এই প্রশ্ন ফাঁস হয়েছে।
এই ভুলের অর্থ হচ্ছে শিক্ষার্থীরা পরীক্ষার একদিন আগেই পরীক্ষায় যেসব শব্দের বানান জিজ্ঞেস করা হবে সেটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। উল্লেখ্য, এই পরীক্ষার বিরুদ্ধে গত সপ্তাহে অভিভাবকরা আন্দোলন করেছেন। লেখক ফিলিপ পুলম্যানসহ অভিভাবকদের দাবি কোমলমতি শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষাটি বেশি চাপ হয়ে যায়।
এর আগে পিয়ারসন সাত বছরের শিশুদের জন্য পরীক্ষার প্রশ্ন ভুল করে তিন মাস আগেই টেস্ট পেপারে অন্তর্ভুক্ত করেছিল। বিবিসি ও গার্ডিয়ান।
