সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম আলেপ্পো নগরীতে বিদ্রোহীদের সঙ্গে সেনা সদস্যদের গুলি বিনিময় হয়েছে। চলমান অস্ত্রবিরতি চুক্তির মেয়াদ বুধবার মধ্যরাতে শেষ হওয়ার আগেই তাদের মধ্যে এ গুলি বিনিময়ের ঘটনা ঘটল। বেশ কিছুদিন থেকে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলেপ্পোতে অস্ত্রবিরতি চলছিল।
এএফপির এক সংবাদদাতা জানান, বুধবার ভোরে আলেপ্পোর দুটি এলাকায় বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে সরকারি বাহিনীর অভিযানে দুজন আহত হয়। তিনি আরো জানান, মঙ্গলবার রাতে বিদ্রোহী নিয়ন্ত্রিত অপর দুটি এলাকায় বিমান হামলা চালানো হয়।
এদিকে মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষক সংস্থা জানায়, নগরীর পশ্চিমাঞ্চলে সরকার নিয়ন্ত্রিত দুটি এলাকায় রকেট হামলা চালায় বিদ্রোহীরা। তিনশ’রও বেশি লোক নিহত হওয়ার পর গত বৃহস্পতিবার থেকে এখানে স্থানীয়ভাবে অস্ত্রবিরতি হয়েছিল।
