ওয়ালটন নবম জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিজেএমসি। বুধবার বিকেলে পল্টনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ আনসারকে ১৩-১২ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিজেএমসি।
ওয়ালটন নবম জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগিতার দুইজন সেরা খেলোয়াড়কে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়।
ওয়ালটন নবম জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি আইজিপি একেএম শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল-বিন-আনোয়ার (ডন)।
শহীদুল হক বলেন, ‘আমি সব সময় এই ধরণের কাবাডি প্রতিযোগিতাকে উৎসাহিত করি। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল উপভোগ করলাম। মাত্র ১ পয়েন্টের ব্যবধানে বিজেএমসি চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন ও রানার আপ উভয় দলকে অভিনন্দন জানাই। কাবাডি আমাদের জাতীয় খেলা। আমাদের গ্রাম বাংলার খেলা। কাবাডিকে এগিয়ে নিতে আমরা একত্রিত হয়ে কাজ করে যাচ্ছি।’
এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান বলেন, ‘এটিএন বাংলা প্রতিটি খেলাই উন্নত করার চেষ্টা করছে। আমি ব্যক্তিগতভাবে হকির সঙ্গে জড়িত। হকির উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাইব কাবাডির উন্নয়নে সবাই এগিয়ে আসুক। জাতীয় খেলা কাবাডিকে এগিয়ে নিতে এটিএন বাংলাও পাশে থাকবে।’
ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘সুষ্ঠভাবে ওয়ালটন নবম জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় এর সঙ্গে জড়িত সকলকে ধন্যবাদ দিতে চাই। অভিনন্দন জানাই চ্যাম্পিয়ন দল বিজেএমসিকে। অভিনন্দন জানাই রানার আপ দল বাংলাদেশ আনসারকেও। খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। মাত্র ১ পয়েন্টের ব্যবধানে চ্যাম্পিয়ন ও রানার আপ হয়েছে দল দুটি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ । তিনি ওয়ালটন নবম জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগিতায় ওয়ালটন গ্রুপ পৃষ্ঠপোষকতা করায় তাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।
