নেত্রকোনার মোহনগঞ্জে নিজেদের ঘরে ‘প্রদীপ’থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে নাভা আক্তার (৬) নামে এক শিশু মারা গেছে। এ সময় শিশুটির বাবা এবং মা দগ্ধ হয়ে আহত হয়েছেন।
বুধবার দুপুরে শিশুটির লাশ তার বাড়ি থেকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দগ্ধরা হলেন উপজেলার বড়তলি গ্রামের সবুজ মিয়া (৪৫) ও রীপা আক্তার (২৫)।
মোহনগঞ্জ থানার ওসি মেজবাহ উদ্দিন আহম্মেদ জানান, ঘটনাস্থল থেকে একটি প্রদীপ (চেরাগ), কেরোসিনের পাত্র জব্দ করা হয়েছে।
মোহনগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাকসুদ আল মাসুদ জানান, সবুজ মিয়ার শরীরের ৪০ শতাংশ, রীপা আক্তারের ২০ শতাংশ ও নাভার শরীরের ৮৫ শতাংশ পুড়েছে।
স্থানীয়দের উদ্ধৃত করে ওসি মেজবাহ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এলাকায় বিদ্যুৎ না থাকায় প্রদীপ জ্বালিয়ে রীপা রান্নাঘর থেকে খাবার আনছিলেন। এ সময় ঘরে থাকা শিশু নাভার গায়ে প্রদীপ থেকে আগুন লেগে যায়। এই আগুন নেভাতে মা ও বাবা এগিয়ে আসলে উভয়েই দগ্ধ হন।
