সুপ্রিম কোর্টের রায়ে বড়সড় ধাক্কা খেলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। মুম্বাই হাইকোর্টের রায় বাতিল করে আয়কর দফতরকে বিগ বি’র ২০০১-০২ সালের আয় পুনর্মূল্যায়নের নির্দেশ দিল শীর্ষ আদালত। খবর আনন্দবাজার পত্রিকার।
২০০১ সালে বিগ বি দাবি করেছিলেন যে, ওই অর্থবর্ষে তার আয় ছিল তিন কোটি ২৩ লাখ টাকা। সেই অনুযায়ী তার আয়কর হওয়া উচিত এক কোটি ৬৬ লাখ টাকা। কিন্তু আয়কর দফতরের পক্ষে দাবি করা হয়, ওই অর্থবর্ষে অমিতাভের আয় ছিল ২৬ কোটি টাকা। অমিতাভের বিরুদ্ধে আয়কর ফাঁকি দেয়ার অভিযোগে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয় আয়কর দফতর। কিন্তু আয়কর দফতরের দাবি খারিজ করে বিগ বি’র পক্ষেই রায় দেয় হাইকোর্ট। সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানায় আয়কর দফতর। মুম্বাই হাইকোর্টের সেই রায় খারিজ করে আয়কর দফতরকে বিগ বি’র আয় পুনর্মূল্যায়ন করার নির্দেশ দিল বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি পিসি পন্থের ডিভিশন বেঞ্চ।
