কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুরে আক্কাস আলী (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নাসির উদ্দিন (২৭) নামে একজন আহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত ১১টার দিকে দৌলতপুর-ভেড়ামারা সড়কের প্রাগপুর কার্লভাটের কাছে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের রহমত আলীর ছেলে আক্কাস আলী (৩২) ও একই উপজেলার চক দৌলতপুরের সেকেন্দার আলীর ছেলে নাসির উদ্দিন (২৭) বুধবার রাতে প্রাগপুরের রিপন সরকারের বাড়ি থেকে ফিরছিলেন। পথে প্রাগপুর-ভেড়ামারা সড়কের প্রাগপুর কার্লভাটের কাছে পৌঁছলে মোটরসাইকেল আরোহী আক্কাস আলীকে থামার জন্য সিগন্যাল দেয় কয়েকজন। এ সময় আক্কাস আলী না দাঁড়িয়ে সামনে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তার বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আক্কাস আলী মারা যান। আহত নাসির উদ্দিন দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
