অফিসে হাইহিল পরতে অস্বীকৃতি জানানো যুক্তরাজ্যের লন্ডনের এক কর্মীকে অফিস থেকে বাড়িতে পাঠিয়েছে আর্থিক প্রতিষ্ঠান পিডব্লিউসি। বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
গত ডিসেম্বরে আউটসোর্সিং ফার্ম পোর্টিকোর মাধ্যমে নিকোলা থর্পকে (২৭) নিয়োগ দেয় পিডব্লিউসি কর্তৃপক্ষ। তাকে দুই থেকে চার ইঞ্চি উঁচু হিল পরে অফিসে আসতে বলা হয়। কিন্তু তিনি হিল পরতে অস্বীকৃতি জানালে তাকে বেন না দিয়েই বাড়িতে ফেরত পাঠিয়ে দেয়া হয়।
নিকোলা বলেন, কর্তৃপক্ষ আশা করছিল, আমি নয় ঘণ্টা হিল পরে দাঁড়িয়ে অফিস করব এবং দিনের মধ্যে বহুবার অফিসে আসা গ্রাহকদের মিটিংরুম পর্যন্ত এগিয়ে নিয়ে যাব। আমি তাদের বলেছিলাম যে, এটা করা আমার পক্ষে সম্ভব নয়। তা ছাড়া কোনো পুরুষকর্মীকে তো তারা এই নিয়ম মানতে বলেন না। তাহলে আমাকে কেন?
IMG0
তিনি বলেন, আমি জানাই, অফিসে কেন ফ্ল্যাট জুতা পরে কাজ করা যাবে না, সে বিষয়ে তারা যদি কর্তৃপক্ষ আমাকে যুক্তিযুক্ত কারণ দেখাতে পারেন, তবেই তা মেনে নেব।
এ ধরনের নিয়মের বিরুদ্ধে পিটিশন করার উদ্যোগ নেন নিকোলা। ‘নারীদের কর্মক্ষেত্রে হাইহিল পরে আসতে বাধ্য করা যাবে না’- মর্মে করা এই পিটিশনে এখন পর্যন্ত ৫০ হাজারেরও বেশি স্বাক্ষর পড়েছে। এখন সরকারকে এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে পোর্টিকো জানিয়েছে, প্রতিষ্ঠানটিতে কাজে যোগ দেওয়ার আগেই ‘পোশাক-পরিচ্ছদ নির্দেশিকা’য় সই করেছিলেন নিকোলা। তবে পিডব্লিউসি কর্তৃপক্ষ বলছে, পোশাকের বিষয়টি তাদের মূল নীতিমালার অন্তর্ভুক্ত নয়।
