শুক্রবার সারা দেশে যুবদলের বিক্ষোভ

আপডেট : ১২ মে ২০১৬, ১৫:০০
 
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৫১ জনের বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানার দুই মামলায় পৃথক দুইটি অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। বৃহস্পতিবার দুপুরে যুবদলের দফতর সম্পাদক কাজী রফিক এ তথ্য নিশ্চিত করেছেন। 
 
তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে আগামীকাল সারা দেশের জেলা, উপজেলা ও মহানগরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। 
 
ঢাকার সিএমএম আদালতে বুধবার বিকালে দারুস সালাম থানার এস আই মো.শহীদুর রহমান ও আব্দুর রাজ্জাক পৃথক দুইটি অভিযোগপত্র আদালতে দাখিল করেন। মামলার অভিযোগপত্রে খালেদা জিয়াকে পলাতক দেখানো হয়েছে। মামলা দুইটির মধ্যে দারুস সালাম থানার ৪(৩)১৫ দণ্ডবিধির মামলায় খালেদা জিয়াসহ ২৭ জন আসামি এবং ৮ (২)১৫ বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালেদা জিয়াসহ ২৪ জনকে আসামি করা হয়েছে।