গুলশানে পাকিস্তানি নারী আটক

আপডেট : ১২ মে ২০১৬, ১৭:০৩

রাজধানীর গুলশানে অর্থ আত্মসাতের অভিযোগে  পাকিস্তানি এক নারীকে আটক করেছে পুলিশ।

 

তার নাম ইয়াসমিন রাজবয় (৪৫)। তিনি গুলশানের সিটি স্কুল ইন্টারন্যাশনালের (জুরিয়র শাখা) অধ্যক্ষ। এর আগে বুধবার গভীর রাতে ইয়াসমিন রাজবয় বারিধারার ৮ নম্বর রোডের বাড়ি থেকে পালানোর চেষ্টা করলে সিটি স্কুল ইন্টারন্যাশনালের শিক্ষক-শিক্ষিকারা বাধা দেন। শিক্ষকদের পক্ষ থেকে গুলশান থানায় একটি জিডিও করা হয়। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত শিক্ষক-শিক্ষিকারা ওই বাসা ঘেরাও করে রাখে। পরে পুলিশ গিয়ে ইয়াসমিন রাজবয়কে আটক করে গুলশান থানায় নিয়ে আসে।

 

সিটি স্কুল ইন্টারন্যাশনালের শিক্ষক-শিক্ষিকারা অভিযোগ করেন, অধ্যক্ষ ইয়াসমিন রাজবয় স্কুলের প্রভিডেন্ট ফান্ড ও শিক্ষক-শিক্ষিকার বেতন থেকে এক কোটি ৯৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

 

এদিকে ইয়াসমিন রাজবয়ের আটকের খবর পেয়ে ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার শামিমা মেজবাহ গুলশান থানায় যান। বিষয়টি নিয়ে গুলশান থানা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ডেপুটি হাই কমিশনার বৈঠক করেন।

 

এ ব্যাপারে গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম জানান, শিক্ষক-শিক্ষিকার অভিযোগের পেক্ষিতে ওই অধ্যক্ষকে আটক করা হয়েছে। বিষয়টি পাকিস্তান হাই কমিশন অবগত হয়েছে।