সোহরাওয়ার্দীর শতকে ভিক্টোরিয়ার জয়

আপডেট : ১২ মে ২০১৬, ২০:২৯
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সোহরাওয়ার্দী শুভর দারুণ শতকে প্রাইম ব্যাংককে ৯ রানে হারিয়েছে ভিক্টোরিয়া। অভিষেকের ১১ বছর পর লিস্ট ‘এ’ ক্রিকেটে শতক পেলেন শুভ।
 
বৃহস্পতিবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৭৪ রান করে প্রাইম ব্যাংক। শাহনাজ আহমেদের সঙ্গে ৮১ রানের জুটিতে দলকে ভালো সূচনা এনে দেন মেহেদি মারুফ। রান আউট হয়ে ফিরে যাওয়ার আগে সর্বোচ্চ ৬৩ রান করেন তিনি। তার ৭০ বলের ইনিংসটি গড়া ৯টি চার ও দুটি ছক্কায়।
দ্রুত ফেরেন প্রাইম ব্যাংকের আইকন খেলোয়াড় সাব্বির রহমান (২৬ বলে ১৩)। থিতু হয়েও নিজেদের ইনিংস বড় করতে পারেননি তাইবুর রহমান (৪৫) ও নুরুল হাসান (৪০)।
 
শেষের দিকে ২৩ বলে অপরাজিত ৩৫ রানের ঝড়ো ইনিংসে প্রাইম ব্যাংকের সংগ্রহ পৌনে তিনশ’ রানে নিয়ে যান শচিন রানা। ভিক্টোরিয়ার এনামুল হক ও কামরুল ইসলাম রাব্বি দুটি করে উইকেট নেন।
 
জবাবে ভিক্টোরিয়া ৪২ ওভার ১ বলে ২ উইকেটে ২১১ রান করে। এরপর বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে সে সময় জয়ের জন্য ভিক্টোরিয়ার প্রয়োজন ছিল ২০৩ রান।
 
আব্দুল মজিদের সঙ্গে এই ম্যাচে ইনিংস উদ্বোধন করেন সোহরাওয়ার্দী। চলতি লিগে এর আগে তিন ইনিংসে ব্যাট করেন তিনি। প্রথম দুটিতে রানই করতে পারেননি, তৃতীয়টিতে আবাহনীর বিপক্ষে করেন ৪৫ রান।এবার শতক পেলেন সোহরাওয়ার্দী। ২০০৫ সালের ফেব্রুয়ারিতে ‘লিস্ট এ’ ক্রিকেটে অভিষেকের পর এই প্রথম এই ধরনের ক্রিকেটে তিন অঙ্কে পৌঁছলেন তিনি।
 
এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় স্থানে রয়েছে ভিক্টোরিয়া। রান রেটে পিছিয়ে তিন নম্বরে রয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শিরাোপাধারী প্রাইম ব্যাংক তৃতীয় এই হারের পর ৬ পয়েন্ট নিয়ে আপাতত সাত নম্বরে রয়েছে। ১০ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে মোহামেডান।