সাবেক সংসদ সদস্য ডা. আসফার হোসেন মোল্লা আর নেই

আপডেট : ১৩ মে ২০১৬, ১৪:০৫
গাজীপুর কালীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ডা. মো. আসফার হোসেন মোল্লা (৬৩) আর নেই (ইন্নালিল্লাহে---রাজিউন)। তিনি কালিগঞ্জের জামালপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত আলহাজ হাফিজ উদ্দিন মোল্লার ছেলে।
 
শুক্রবার সকাল সাড়ে সাতটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
তিনি দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও কিডনিজনিত রোগে ভোগছিলেন। ওই হাসপাতালে প্রায় দুই সপ্তাহ তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
 
বাদ জুম্মা রাজধানীর চকবাজার জামে মসজিদ প্রাঙ্গণে  প্রথম নামাজে জানাযা এবং বাদ আছর কালীগঞ্জ উপজেলার জামালপুর আরএম বিদ্যাপীঠ মাঠে দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে ওই ইউনিয়নের জামালপুর পশ্চিম পাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
 
উল্লেখ্য, তিনি ১৯৯১-৯৫ সালের গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে আওয়ামী লীগের সদস্য ছিলেন।