সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মরদেহ শুক্রবার দুপুরে উপজেলার কচুন্দরার নিজ বাড়িতে সমাধিস্থ করা হয়।
দলমত নির্বিশেষে সকলের প্রিয় এই মানুষটিকে এক নজর দেখার জন্য বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে উপজেলার কচুন্দরাস্থ বাড়ির সামনে ভির করতে থাকে হাজার হাজার মানুষ । সকাল ৯টার দিকে পারিবারিক প্রার্থনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করা হয় । পরে মরদেহ সকলের ফুলেল শ্রদ্ধা ও একনজর দেখার জন্য বিড়ইডাকুনী উচ্চ বিদ্যালয় মাঠে রাখা হয় । এখানে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা লাখ মানুষ শুভেচ্ছা জানান। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত আহম্মদ হোসেন, বিএনপির সাবেক সংসদ সদস্য আফজাল এইচ খান, দূর্গাপুর কলমাকান্দার এমপি ছবি বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম- আহ্বায়ক আলহাজ আলী আজগর, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক উপজেলা চেয়ারম্যান ফারুক আহম্মদ খানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মরদেহ বিড়ইডাকুনী ক্যাথলিক চার্চে রাখা হয় বিশেষ ধর্মীয় কার্যক্রম ও প্রার্থনা সভার জন্য । ২ ঘণ্টার এই অনুষ্ঠান শেষে পুনরায় মরদেহ নেয়া হয় তার বাড়িতে । সেখানে পারিবারিক প্রার্থনা শেষে বাড়ির প্রধান ফটকের বাম পাশে তাকে সমাহিত করা হয় ।
