রমজানের আগেই বাজারে উত্তাপ

আপডেট : ১৩ মে ২০১৬, ১৯:৪৮
 
পবিত্র রমজান শুরু হতে আর বাকি মাত্র তিন সপ্তাহ। কিন্তু তার আগেই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে রসুন, ছোলা ও চিনির দাম বেড়েছে প্রতি কেজিতে ২ থেকে ১৫ টাকা পর্যন্ত। সরকারের বিপনন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র হিসেবেই দাম বাড়ার এ তথ্য তুলে ধরা হয়েছে।
 
তবে শুক্রবার সরেজমিনে রাজধানীর কাওরানবাজার, নিউমার্কেট ও শান্তিনগর বাজারে গিয়ে দেখা যায়, কোনো কোনো পণ্যের দাম বেড়েছে আরো বেশি। ব্যবসায়ীরা বলেছেন, আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে দেশের বাজারে। তারা জানান, খরার কারণে ভারতে এবার ডালের উত্পাদন কম হয়েছে। ফলে তারা আন্তজার্তিক বাজার থেকে ডাল কিনছে। এছাড়া চিনির উপর শুল্ক আরোপ করায় দাম বেড়েছে এ পণ্যটির।
 
টিসিবির হিসেবে, গত এক সপ্তাহের ব্যবধানে মানভেদে প্রতি কেজি দেশী রসুনে ১০ থেকে ১৫ টাকা বেড়ে ১০০ থেকে ১৩৫ টাকায়, ছোলায়  ৪ থেকে ৭ টাকা বেড়ে ৮৫ থেকে ৮৮ টাকা ও চিনিতে ২ টাকা বেড়ে ৫২ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। 
 
সরকারের এ সংস্থাটির হিসেবে, গত এক মাসের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মধ্যে দেশী মসুর ডাল ১ দশমিক ৭৯ শতাংশ, আলু ৫ দমমিক ৫৬ শতাংশ, দেশী পেঁয়াজ ১৭ দশমিক ৬৫ শতাংশ, রসুন ২৮ শতাংশ, ছোলা ১০ দশমিক ৯০ শতাংশ, জিরা ১০ শতাংশ, দারুচিনি ১২ শতাংশ ও লবনের দাম ১৪ শতাংশ বেড়েছে। আর কমেছে মোটা চাল, আটা ও ময়দার। এরমধ্যে মোটা চালের দাম ৩ শতাংশ, আটা ৩ দশমিক ২৮ শতাংশ, ময়দা ৩ দশমিক ৮০ শতাংশ ও আদা ১২ দশমিক ৫০ শতাংশ কমেছে।