যশোরের শার্শায় ডাকাতিকালে ভাইকে বেঁধে বোনকে গণধর্ষণ মামলায় চার্জশিট দিয়েছে সিআইডি পুলিশ। সিআইডির এসআই তৌহিদুল ইসলাম ৯ জনকে অভিযুক্ত করে যশোর আদালতে চার্জশিট দাখিল করেছেন।
অভিযুক্ত আসামিরা হলেন শার্শার সামটা গ্রামের আব্দুস সামাদ ঢালীর ছেলে রাজু ওরফে হাতকাটা রাজু, আছির উদ্দিনের ছেলে তাজু, সিরাজুল ইসলাম পুটে ওরফে পুটে ডাকাতের ছেলে লিটন মল্লিক, মৃত আবু রায়হান মণ্ডলের ছেলে মিজানুর রহমান বাবু, মৃত নওশের আলীর ছেলে ইদ্রিস আলী, মৃত আব্দুল হাকিম তরফদারের ছেলে আব্দুল লতিফ, জোনাব আলী মোড়লের ছেলে আব্দুর রজ্জাক, মৃত আব্দুর রহমান মোড়লের ছেলে আকবর আলী মেম্বর এবং বেনাপোলের ডুবপাড়া গ্রামের আব্দুস সাত্তার মোড়লের ছেলে আরিফ হোসেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ২১ অক্টোবর সাতক্ষীরার কলারোয়া উপজেলার আলী হোসেন মোটরসাইকেল নিয়ে যশোর শহরে আসেন। কাজ শেষে সন্ধ্যায় আলী হোসেন তার খালাতো বোনকে সাথে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। রাত সাড়ে ৮টার দিকে নাভারন-সাতক্ষীরা সড়কের শার্শার উলাশী বাজারের কাছে গেলে কয়েকজন লোক রাস্তায় দাঁড়িয়ে মোটরসাইকেলের গতিরোধ করে। মোটরসাইকেল থামার সাথে সাথে ভাই-বোনকে হাত ও মুখ বেঁধে মাঠের মধ্যে নিয়ে যায়। এরপর তারা আলী হোসেনকে বেঁধে রেখে বোনকে একটু পাশে নিয়ে গণধর্ষণ করে।
