ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে আইএসের বোমা হামলা ও গুলিতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। এ ছাড়াও, এ ঘটনায় আরো ২৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা যায়। শুক্রবার শিয়া অধ্যুষিত উত্তরাঞ্চলীয় বালাড শহরের একটি ক্যাফেতে এই হামলা চালানো হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে তিন বন্দুকধারী ক্যাফেটিতে প্রবেশ করে অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন অন্তত ১২ জন। স্থানীয়রা জানান, ক্যাফেটিতে স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের সমর্থকরা আড্ডা দিতো।
এ ঘটনার পরপরই বন্দুকধারীরা পালিয়ে যায়। কিন্তু পরবর্তি একজন বন্দুকধারীকে নিকটস্থ এক বিল্ডিংয়ে পাওয়া গেলে সেখানে পুলিশ ও শিয়া যোদ্ধাদের সঙ্গে তার বেশ কিছু সময় বন্দুকযুদ্ধ চলে। এরপর সে তার গায়ে লাগানো বোমা বিস্ফোরণ ঘটায় নিকটস্থ এক বাজারে গিয়ে। এ সময় অন্তত ৪ জন আহত হয়। রয়টার্স।
