নিউইয়র্কে একমঞ্চে গাইবেন রুনা-সাবিনা

আপডেট : ১৪ মে ২০১৬, ১৩:১১
ভক্ত-শ্রোতাদের সুরের মূর্র্ছনায় ভাসাতে প্রথমবারের মত দেশের বাইরে একমঞ্চে গাইতে নিউইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের দুই জীবন্ত কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন।
 
স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় জ্যামাইকার ইয়র্ক কলেজ অডিটরিয়ামে আয়োজিত কনসার্টে গান গাইবেন তারা। সকল প্রস্তুতি শেষ করেছেন আয়োজকরা, আর তাদের গানে মাতোয়ারা হতে প্রস্তুতি নিচ্ছেন ভক্ত-শ্রোতারাও।
 
ভক্ত-শ্রোতাদের স্বপ্নকে যিনি হাতের মুঠোয় এনে দিয়েছেন তিনি প্রবাসের অন্যতম আলোচিত সাংস্কৃতিক উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘শো টাইম মিউজিক অ্যান্ড প্লে’র কর্ণধার আলমগীর খান আলম।
 
এর আগে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন স্বপ্নের কথা। আর শুক্রবার রাতে সর্বশেষ সংবাদ সম্মেলনে জানালেন স্বপ্ন বাস্তবায়নের কথা। বললেন, ‘রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের এই কনসার্ট আমার জীবনের মাইলফলক হয়ে থাকবে। এটা আমার জীবনে এক অন্যরকম সাফল্য এনে দিয়েছে।’
 
জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউর সংবাদ সম্মেলনে কিংবদন্তী দুই শিল্পীও তাদের একমঞ্চে গান গাওয়াকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন। আর এ ঐতিহাসিক কনসার্ট সফল করতে প্রবাসের দর্শক শ্রোতাদের সমর্থন চাইলেন তারা।
 
একজন সাংবাদিক দুই শিল্পীকে প্রশ্ন করেছিলেন, জনশ্রুতি আছে আপনাদের মধ্যে একটু বিরোধ আছে। এটা কতটুকু সত্যি?
 
প্রথম জবাবে রুনা লায়লা বলেন, ‘কই নাতো। আমরা তা মনে করি না।’ তিনি বলেন, ‘আমি সাবিনার গানের ভক্ত। আর একমঞ্চে গাইবার সুযোগ পেয়ে আমরা, বিশেষ করে আমি তো খুশি। এটি বরং ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে।’ এ সময় এ উদ্যোগ গ্রহণ করায় তিনি শো’টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলমের উচ্ছ্বসিত প্রশংসা করেন।
 
অন্যদিকে সাবিনা ইয়াসমিন বলেন, ‘আমি কখনো এমনটা শুনিনি। বরং এ ধরনের বিভিন্ন সময় মিডিয়ায় দেখতে পাই।’
 
তিনি বলেন, ‘একই পরিবারে আলাদা আলাদা গানের পছন্দ থাকতে পারে। কেউ রুনার গান বেশি পছন্দ করেন, কেউ সাবিনার। এটাকে বিরোধ বলা যাবে না।’