বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'বিচার বিভাগ ও সংসদের মধ্যে যে বিরোধ দেখা দিয়েছে তাতে দেশে সাংবিধান্কি সংকটের সুযোগ সৃষ্টি হয়েছে।'
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও জাতীয় নির্বাচনের দাবিতে প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি। এ প্রতিবাদ সভার আয়োজন করে ন্যাশনাল পিপিলস পার্টি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘উন্নয়ন আগে, গণতন্ত্র পরে- আওয়ামী লীগের নতুন এই স্লোগান জনগণ গ্রহণ করবে না জেনেই ওই অবস্থান থেকে তারা সরে এসেছে। সরকার কী উন্নয়ন করেছে? সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয়নি, উন্নয়ন হয়েছে ক্ষমতাসীনদের।’
শাসকদলের নেতা-কর্মীরা শত শত কোটি টাকা লুণ্ঠন করে দেশের বাইরে পাঠিয়েছেন বলেও এ সময় অভিযোগ করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, ‘বর্তমানে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সত্যিকার অর্থে সেটি একটি বড় রকমের রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা। সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই। তারা আসলে গণতন্ত্রের লেবাসে একদলীয় শাসন কায়েম করতে চায়।’
খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেয়া হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘গ্রাম পর্যায়েও মানুষ আজ মামলায় জর্জরিত। সত্যিকার অর্থে মানুষের স্বাধীনতা বলতে কিছু নেই। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না।’
গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার ফিরে পেতে আন্দোলনের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনে সরকারকে বাধ্য করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন-জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ।
