দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শুক্রবার দেশটিতে ৬০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি। খবর গার্ডিয়ানের।
ওপেকভুক্ত কয়েকটি দেশ এবং যুক্তরাষ্ট্র তার বামপন্থি সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে বলে এ জরুরি অবস্থা জারি করা হয়।
জরুরি অবস্থার আওতায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে গত বছর কলম্বিয়ার সীমান্তবর্তী রাজ্যগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। ওই এলাকায় মানবাধিকার সংক্রান্ত ঘোষণাগুলো বাদে অন্যান্য প্রতিশ্রুতি স্থগিত করা হয়েছিল।
শুক্রবার সকালে মার্কিন বিশেষজ্ঞরা বলছেন, তারা ভেনেজুয়েলার অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ভেঙে পড়া সার্বিক পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন। মাদুরো তার মেয়াদ সম্পূর্ণ করতে পারবেন না বলেও মন্তব্য করেছেন তারা।
এদিকে, বিরোধীদল দেশে বিরাজমান খাদ্য ও ওষুধের সংকট, বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যয়, ব্যাপক মুদ্রাস্ফীতিসহ বেশ কিছু সমস্যাকে সামনে এনে নিজেদের প্রতি সমর্থন বাড়ানোর চেষ্টা করছে।
তবে মাদুরো নিজের মেয়াদ পুরো করার বিষয়ে এখনো বেশ অনড়। আর এ কারণেই তিনি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে জরুরি অবস্থা জারি করেছেন বলে ধারণা বিশ্লেষকদের।
