প্রায় আড়াই ঘণ্টার দুর্দান্ত লড়াইয়ে রাফায়েল নাদালকে হারিয়ে ইতালিয়ান ওপেনের সেমি ফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ। শুক্রবার বর্তমান বিশ্বসেরা জোকোভিচ জেতেন ৭-৫, ৭-৬ গেমে।
দুই সেটেই শুরুর দিকে এগিয়ে ছিলেন স্পেনের নাদাল কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয়ের হাসি হেসেছেন জোকোভিচ। দুই ঘণ্টা ২৪ মিনিট ধরে সময়ের দুই অন্যতম সেরার লড়াই হয়েছে জমজমাট। শেষ পর্যন্ত হাসিটা নোভাক জকোভিচের। কোয়ার্টার ফাইনালের এই জয়ে ইতালিয়ান ওপেনের সেমি-ফাইনালে উঠেছেন সার্বিয়ার এই তারকা খেলোয়াড়।
এই জয়ে ‘ক্লে কোট সম্রাট’ নাদালের ওপর আধিপত্য ধরে রাখলেন জকোভিচ। ১২ সাক্ষাতে এটি সার্বিয়ান তারকার একাদশ এবং টানা সপ্তম জয়। একই দিনে বেলজিয়ামের ডেভিড গোফিনকে ৬-১, ৭-৫ গেমে হারিয়ে শেষ চারে উঠেছেন অ্যান্ডি মারে। গার্ডিয়ান।
