‘নীতিমালায় বৈষম্য ও আইনের অপপ্রয়োগের মাধ্যমে হয়রানি’র প্রতিবাদে রবিবার সারা দেশে চেইন সুপার শপ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন। ওই দিন স্বপ্ন, আগোরা, মীনা বাজার, প্রিন্স বাজার, ক্যারি ফ্যামিলি, আলমাসসহ অন্যান্য সুপার শপ বন্ধ থাকবে।
শনিবার বাংলাদেশ সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, সুপারমার্কেট খাত একদিকে বৈষম্যমূলক নীতিমালার শিকার, অপরদিকে এই নীতির প্রয়োগে অনর্থক হয়রানির শিকার হতে হচ্ছে। নিরাপদ খাদ্যের নামে ভ্রাম্যমাণ আদালত সুপারমার্কেটে নিয়মিত অভিযান চালাচ্ছে। কেবল ভ্রাম্যমাণ আদালত নয়, পুলিশ-র্যাব ও মিডিয়া নিয়ে বারবার অভিযান চালানো হচ্ছে।
ওনার্স অ্যাসোসিয়েশনের দাবি, সুপার শপগুলোতে অবৈজ্ঞানিক পদ্ধতিতে খাদ্য পরীক্ষা করে জরিমানা করা হচ্ছে। এর মাধ্যমে ক্রেতাদের কাছে ভুল বার্তা দেওয়া হচ্ছে। যেন এই দোকানগুলোর উদ্দেশ্যই হচ্ছে ক্রেতাদের পচা বা ভেজাল পণ্য বিক্রি করা। যে সব কোম্পানি প্রচুর টাকা বিনিয়োগ করে তাদের অবকাঠামো ও ব্র্যান্ড তৈরি করেছে, তারা ইচ্ছাকৃতভাবে এমন কোনো কাজ করবে না, যার ফলে তারা ক্রেতাদের আস্থা হারাবে।
দোকান বন্ধের মাধ্যমে সরকারের শীর্ষ নীতিনির্ধারক ও ক্রেতাদের সামনে সংকটের গভীরতা তুলে ধরাই লক্ষ্য বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
