প্রধানমন্ত্রী ঢাকা ছাড়ছেন আজ

আপডেট : ১৫ মে ২০১৬, ১৭:২৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় উইমেন লিডারস ফোরামে অংশ নিতে আজ রবিবার সকালে লন্ডনের উদ্দেশে ত্যাগ করছেন। সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে লন্ডনের উদ্দেশে তিনি যাত্রা করবেন। লন্ডনে তিন দিন অবস্থানের পর তিনি বুধবার সোফিয়ায় যাবেন। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সেখানে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার নারী নেতৃবৃন্দ উইমেন লিডারস ফোরামে অংশ নেবেন।

 

সফরকালে প্রধানমন্ত্রী বুলগেরিয়ার প্রেসিডেন্ট রোসেন প্লেনেলিয়েভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বুধবার রাতে ইউনেস্কো মহাসচিব ইরিন বোকোভার দেওয়া নৈশভোজে অংশ নেবেন তিনি। শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক করবেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভ। শেখ হাসিনা শুক্রবার রাতে সোফিয়া থেকে রওনা হয়ে শনিবার সকালে ঢাকা পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।