দীর্ঘ মেসি-রোনালদো যুগের অবসান ঘটিয়ে সুয়ারেজ

আপডেট : ১৫ মে ২০১৬, ০৯:০৯
 
লা লিগার সর্বোচ্চ গোলদাতা কে হবে? প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে গত ৬ বছর ধরে দুটি নামই সবার সামনে ঘুরে ফিরে এসেছে। তাদের একচ্ছত্র আধিপত্বের ধারে কাছেও ঘেসতে পারেনি কেউ। এবারের লা লিগা আসরের শুরু থেকেই লড়াইয়ের আলোচনায় ছিল মেসি-রোনালদোর নাম। কিন্তু তাদের যুগের অবসান ঘটিয়ে এবার লা লিগার সর্বোচ্চ গোলদাতা হিসেবে 'পিচিচ ট্রফি' পাচ্ছেন উরুগুয়ের ফরোয়ার্ডার লুইস সুয়ারেজ।
 
স্পেনের শীর্ষ লিগের এ মৌসুমে মোট ৪০ গোল করে পুরস্কারটি জিতলেন গ্রানাদার বিপক্ষে শেষ ম্যাচে হ্যাটট্রিক করে বার্সেলোনাকে শিরোপা এনে দেওয়া সুয়ারেস। এছাড়া লা লিগার ইতিহাসে মেসি ও রোনালদো ছাড়া প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে ৪০ গোলের কীর্তি গড়লেন উরুগুয়ের এই তারকা স্ট্রাইকার।
 
বার্সেলোনার জার্সিতে দ্বিতীয় মৌসুমেই অসাধারণ এই কীর্তি গড়া সুয়ারেস দলের শিরোপা জয়েরও মূল নায়ক। পুরো মৌসুম জুড়েই প্রয়োজনীয় মুহূর্তে অবদান রাখেন তিনি। গত এপ্রিলে টানা তিন ম্যাচ হেরে কোণঠাসা হয়ে পড়া দলকে পথ দেখাতে সবচেয়ে বড় অবদান তার। শেষ পাঁচ ম্যাচে দলের ২৪ গোলের মধ্যে একাই ১৪টি করেন তিনি।
 
দুর্দান্ত এই পথচলায় মোট ছয়টি হ্যাটট্রিক করেন সুয়ারেস। এ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে অন্য কেউ তিনটির বেশি করতে পারেননি।
 
শুধু গোল করায় নয়, মৌসুম জুড়ে সতীর্থদের দিয়ে গোল করাতেও দারুণ পারদর্শী ছিলেন সুয়ারেস, এ পর্যন্ত মোট ১৬টি গোল করিয়েছেন তিনি। লা লিগায় সমান সংখ্যক গোল করিয়েছেন কেবল মেসি, দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৬টি গোল করেন আর্জেন্টিনা অধিনায়ক। অ্যাথলেটিকো মাদ্রিদের কোকে গোল করিয়েছেন ১৪টি। 'এমএসএন' আক্রমণত্রয়ীর অন্য তারকা নেইমারের গোলে অবদান ১২টি। আর রোনালদো ১১টি গোলে সহায়তা করেন।
 
মৌসুম জুড়ে এ গোলবন্যায় দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান গোল্ডেন সু জেতাও নিশ্চিত করলেন সুয়ারেস। সর্বাধিক গোলের তালিকায় সুয়ারেসের চেয়ে ৫টি কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রোনালদো।
 
উল্লেখ্য, ২০০৯ সালের পর মেসি ও রোনালদোর বাইরে অন্য কেউ লা লিগায় সর্বোচ্চ গোলের পুরস্কার জেতেনি। ২০০৯-১০ থেকে গত মৌসুম পর্যন্ত মোট তিনবার করে পুরস্কারটি জেতেন এই দুই তারকা।