জুলহাজ-তনয় হত্যা, যুবক গ্রেফতার

আপডেট : ১৫ মে ২০১৬, ১২:২৭
রাজধানীর কলাবাগানে মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল অফিসার জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয় হত্যার অভিযোগে শরীফুল ইসলাম ওরফে শিহাব (৩৭) নামে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
 
গ্রেফতারকৃত শিহাব ঘটনার সময় হত্যায় ব্যবহৃত দুটি অস্ত্রের একটি সরবরাহ করেছিলেন। তিনি ১৯৯৮ সালে সিলেট অঞ্চলে হরকাতুল জিহাদের নেতা হিসেবে কাজ করতেন। 
 
শনিবার রাতে কুষ্টিয়া সদর উপজেলা ছয় রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 
 
আজ রবিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মুনিরুল ইসলাম এসব তথ্য জানান।
 
তিনি বলেন, আমরা নিশ্চিত হয়েছি এই হত্যাকাণ্ডের সঙ্গে একটি যোগসূত্র রয়েছে। তবে তিনি সরাসরি হত্যার মিশনে অংশ নেন নি।
 
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল কলাবাগানের একটি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে ৫/৬জন যুবক কুরিয়ার সার্ভিসের কর্মী পরিচয় দিয়ে প্রবেশ করে। পরে তারা জুলহাজ মান্নান ও মাহবুব তনয়কে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় জুলহাজ মান্নানের বড় ভাই মিনহাজ মান্নান বাদী হয়ে কলাবাগান থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।