জীবন নির্ভর ছবির তালিকায় নাম লিখিয়েছেন বলিউডের অনেক তারকাই। এবার এই তালিকায় যুক্ত হচ্ছে ইরফান খানের নাম৷
দিন কয়েক আগে বড় পর্দায় ভারতের রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন ইরফান। শোনা যাচ্ছে, সেই ইচ্ছে পুরণ হতে যাচ্ছে পিকু তারকার।
সম্প্রতি এপিজে আবদুল কালামকে নিয়ে ছবি করার অনুমতি পেয়েছেন মারাঠি পরিচালক প্রমোদ গোরে। এই ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে, কালামের চরিত্রের জন্য ইরফানই প্রথম পছন্দ প্রমোদের। তাই তাকেই সবার আগে কালামের চরিত্র অফার করতে চলেছেন তিনি।
ইতিমধ্যেই রামেশ্বরমে কালামের বাড়ি গিয়েছেন প্রমোদ। কথা বলেছেন তার ভাইয়ের সঙ্গে। জেনেছেন নানা জানা-অজানা কাহিনি।
সব ঠিক থাকলে চলতি বছরের জুন-জুলাই নাগাদই শুরু হয়ে যাবে শুটিং। পরের বছরই প্রাক্তন রাষ্ট্রপতিকে ট্রিবিউট জানিয়ে ছবিটি মুক্তি দিতে চান নির্মাতারা। সূত্র- ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া।
