রাজধানীর কলাবাগানে জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয় হত্যা মামলায় গ্রেফতার শরিফুল ইসলাম ওরফে শিহাবকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
পুলিশ বলছে শিহাব আনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন সদস্য। রবিবার ভোরে কুষ্টিয়া থেকে শিহাবকে গ্রেফতার করে পুলিশ। জুলহাজ ও তনয় হত্যার ঘটনায় সে অস্ত্র সরবরাহ করেছে বলে পুলিশের সন্দেহ।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী রবিবার শিহাবকে ঢাকার হাকিম আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম তিন দিনের রিমান্ডে মঞ্জুর করেন।
কী প্রমানের ভিত্তিতে শিহাবকে আটক করা হলো- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, আগে থেকেই আমাদের কাছে কিছু দালিলিক প্রমান ছিল। যে অস্ত্রটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছিল, সেটি শিহাবের। তিনি গত এপ্রিলের ২৫ তারিখে অস্ত্রটি ঢাকাতে নিয়ে আসেন।
অতিরিক্ত কমিশনার বলেন, কলাবাগানে জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয় হত্যার মূল আপারেশনাল নির্দেশনা আসে পহেলা বৈশাখের পর। এরপর দুই মাস ধরে ওই স্লিপার সেলটি প্রস্তুতি নিয়ে মিশনটি পরিচালিত করে।
তিনি বলেন, জুলহাজ ও তনয় হত্যাকারীদের মধ্যে ৫ জনকে সিসিটিভি ফুটেজে দেখা গেলেও এই হত্যাকাণ্ডের সাথে একটি সংঘবদ্ধ চক্র জড়িত। এদের মধ্যে কেউ অস্ত্র দিয়ে সহায়তা করেছে, কেউ আবার অর্থ দিয়ে।
কেন এ হত্যাকাণ্ড- সে বিষয়ে কোন তথ্য পেয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, 'সমকামিতা ও ইসলামের বিরুদ্ধে অবস্থান' নেয়ায় হাইকমান্ডের নির্দেশনায় তারা এ হত্যাকাণ্ডটি সংঘটিত করে।
গত ২৫ এপ্রিল কলাবাগানে বাড়িতে ঢুকে জুলহাজ ও তার বন্ধু তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আনসার আল ইসলামের নামে হত্যার দায় স্বীকার করা হয়েছে মর্মে সাইট ইন্টেলিজেন্সের খবরে জানানো হয়েছিল।
