সৌদি আরবে এক পরিবার-বিষয়ক পরামর্শদাতা বউ পেটানোর কৌশল বর্ণনা করেছেন, আর তার সেই ভিডিওচিত্র সম্প্রচার করেছে দেশটির জাতীয় টেলিভিশন। গত ফেব্রুয়ারিতে এটি সম্প্রচারিত হয়েছিল বলে জানিয়েছে এডব্লিউডি নামে একটি অনলাইন সংবাদমাধ্যম।
খালেদ আল-সাকাবি নামের পরিবার বিষয়ক পরামর্শদাতা বলেন, স্ত্রীকে প্রহারের ক্ষেত্রে অবশ্যই ইসলামের প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে। এটি কোনো ব্যক্তির রাগের বহিঃপ্রকাশের উদ্দেশ্য নয় বরং শৃঙ্খলা রক্ষার অংশ ।
স্ত্রীকে প্রহারের কারণ সম্পর্কে এই পারিবারিক পরামর্শক বলেন, এর উদ্দেশ্য হচ্ছে সে স্বামীর সঙ্গে যে আচরণ করেছে তা সঠিক নয়, এটা বোঝানো। খালেদ বলেন, কোনো স্ত্রীকে প্রহারের পূর্বে স্বামীকে আল্লাহর দেওয়া স্ত্রীর মর্যাদা ও তার অধিকারের বিষয়টি স্মরণ করতে হবে।
তিনি বলেন, স্বামী-স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য সবই আল্লাহর ইচ্ছা অনুযায়ী। রাগের সময় স্বামীকে এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি। স্ত্রীর বিপরীত পাশে মুখ ঘুরিয়ে ঘুমানো বা ফ্লোরে শোয়া যেতে পারে। তবে এই সময় অন্য ঘরে ঘুমানো যাবে না। কারণ পুরো ব্যাপারটি স্ত্রীকে শৃঙ্খলায় আনার জন্য। স্বামী-স্ত্রীর ঝামেলার বিষয়টি অন্যদের সামনে প্রকাশ করা যাবে না বলে জানান খালেদ।
স্ত্রীকে প্রহারের কারণ হিসেবে খালেদ বলেন, দুর্ভাগ্যবশত, অনেক স্ত্রী সমান অধিকার নিয়ে স্বামীর সঙ্গে থাকতে চায়। এটি একটি গুরুতর সমস্যা। তিনি আরো বলেন, এটা দুঃখজনক যে অনেক স্ত্রী তাকে প্রহারের জন্য স্বামীকে প্ররোচিত করে। এনডিটিভি।
