জাতীয় পার্টি ছাড়লেন সোহেল রানা

আপডেট : ১৫ মে ২০১৬, ২০:১০
জাতীয় পার্টির প্রেসিডিয়ামসহ সব পদ থেকে ইস্তফা দিয়েছেন চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা।
 
২০০৮ সালের দশম সংসদ নির্বাচনের আগে এইচ এম এরশাদ নেতৃত্বাধীন দলটিতে যোগ দিয়েছিলেন সাবেক ছাত্রলীগ নেতা সোহেল রানা।
 
সভাপতিমণ্ডলিতে থাকার পাশাপাশি দলীয় চেয়ারম্যান এরশাদের নির্বাচন বিষয়ক উপদেষ্টা এবং সাংস্কৃতিক শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন তিনি।
 
শনিবার জাতীয় পার্টির অষ্টম কাউন্সিলের দুদিন আগে তিনি পদত্যাগপত্র জমা দেন। কী কারণে পদত্যাগ করেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘পদত্যাগপত্রে কী লিখেছি তা তো বলতে পারব না। আপাতত এইটুকু বলতে পারি, আই হ্যাভ রিজাইনড ডিউ টু সাম আনঅ্যাভয়েডেবল সারকামট্যান্সেস। কিছু অনিবার্য কারণে আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।’
 
সোহেল রানা বলেন, ‘আমি সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়েছি। বুধবার দলের চেয়ারম্যান, মহাসচিবকে এসএমএসের মাধ্যমে প্রথমে পদত্যাগের কথা জানিয়েছি। এরপর বৃহস্পতিবার দলের প্রেসিডিয়াম ফোরামের বৈঠকে পদত্যাগপত্র পাঠিয়েছি।’