জয়কে নিয়ে মন্তব্য

খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির অভিযোগ তদন্তের নির্দেশ

আপডেট : ১৬ মে ২০১৬, ০৮:৪০
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে নিয়ে মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মানহানির অভিযোগ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। 
 
গতকাল রবিবার ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ বাদীর জবানবন্দি গ্রহণ করে এ আদেশ দেন। এর আগে গতকাল সকালে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী খালেদার বিরুদ্ধে এ মামলা করেন।
 
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১ মে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিকদল আয়োজিত মহান মে দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, ‘জয়ের ব্যাংক একাউন্টে আড়াই হাজার কোটি টাকা রয়েছে। যার কাছাকাছিও তিনি কখনো আয় করেননি। তার একাউন্টে এত টাকা কোত্থেকে আসলো? তিনি আরও বলেন, ৩০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ সরকার। সাংবাদিক শফিক রেহমান এই তথ্য উত্ঘাটিত করায় তাকে গ্রেফতার করা হয়েছে’।
 
খালেদার এই বক্তব্যটি রাজনৈতিক উদ্দেশ্যমূলক, মানহানিকর, বানোয়াট এবং মিথ্যা। তিনি দেশ ও বিদেশে বিশৃংখলা সৃষ্টি করার অপরাধ করেছেন। এর প্রেক্ষিতে অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করলে মামলাটি তদন্তের  নির্দেশ দেন আদালত।