রমজানে বাজার মনিটরিংয়ে থাকছে বাণিজ্য মন্ত্রণালয়

আপডেট : ১৬ মে ২০১৬, ১২:০৩
আসছে রমজানে পণ্যের মান যাচাই ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করবে বাণিজ্য মন্ত্রণালয়। এজন্য ব্যবসায়ীদের কাছে সহযোগিতা চাওয়ার কথা বলা হচ্ছে।
 
এ বিষয়টি নিয়ে মঙ্গলবার সকল ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
 
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রসুনের মূল্য নিয়ে পাইকারি বাজারে সম্প্রতি কারসাজি হওয়ায় ও রমজান উপলক্ষে বিশেষ সতর্ক রয়েছে মন্ত্রণালয়। গত ১১ মে বাজার পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রীর বৈঠকের কথা থাকলেও দাম কমে আসায় সে বৈঠক বাতিল করা হয়।
 
জানা গেছে, পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ বাজার মনিটরিং কার্যক্রম চালাবে মন্ত্রণালয়। এজন্য এরই মধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২/৩টি প্রস্তুতিমূলক বৈঠকও করা হয়েছে। চূড়ান্ত করণীয় নির্ধারণে মঙ্গলবার সকল ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী।
 
এছাড়াও বর্তমানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা দেশের জেলা প্রশাসকদের নিজ নিজ জেলার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের নির্দেশ দেওয়া হয়েছে। তারা বাজার মনিটরিং ছাড়াও ব্যবসায়ীদেরকে সচেতনতামূলক পরামর্শ দেবেন এবং কেউ সরকারি নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন।
 
এদিকে, নিয়মিত ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা ছাড়াও অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।