সমাজে ‘অস্থিরতা’ ছড়ানোর অভিযোগ তুলে চিঠি লিখে হত্যার হুমকি দেয়া হয়েছে ভারতের আলোচিত বর্ষীয়ান অধিকারকর্মী আন্না হাজারেকে। এনডিটিভি বলছে, রবিবার তার কার্যালয়ে চিঠিটি এসে পৌঁছে বলে জানিয়েছেন হাজারের একজন সহযোগী।
হাজারের মুখপাত্র সায়াম আসাবা বলেন, 'হাতে লেখা মারাঠি ভাষার চিঠিটি বিকেল রালেগান সিদ্ধি গ্রামে হাজারের কার্যালয়ে এসে পৌঁছে।' চিঠির বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, 'এতে লেখা ছিল, সমাজে অসন্তোষ ছড়ানোর কারণে আপনাকে হত্যা করা হবে।'
চিঠিটির প্রেরক হিসেবে মহারাষ্ট্রের আহমেদনগর থেকে ৬৫ কিলোমিটার দূরের নেভাসি এলাকার 'আম্বাদাস লস্কর' এর নাম লেখা আছে। এ ধরনের একটি চিঠির বিষয়ে তথ্য পাওয়ার কথা জানালেও তদন্তের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অপারগতা জানিয়েছে পুলিশ।
এর আগেও বিভিন্ন সময় হুমকি দিয়ে পাঠানো বেনামি চিঠি পেয়েছেন আন্না হাজারে। এ ধরনের শেষ চিঠি পান জানুয়ারিতে। ওই চিঠিতে ২৬ জানুয়ারি তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছিল। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) আসাবা বলেন, 'এ পর্যন্ত চিঠি পাঠানো কাউকেই শনাক্ত করতে পারেনি পুলিশ।'
হাজারের ব্যক্তিগত সহকারী সায়াম পাথাদে বলেছেন, গান্ধিবাদী হাজারে এসব হুমকিতে কাবু হবেন না। 'জেড' ক্যাটাগরির নিরাপত্তা বলয়ের মধ্যে জীবনযাপন করেন জনাব হাজারে। বিডি নিউজ।
