‘ভিন্ন পথে সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি’

আপডেট : ১৬ মে ২০১৬, ১৪:২০
 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের নামে মানুষ হত্যা করে এবং গুপ্তহত্যা চালিয়ে সরকার পতনে ব্যর্থ হয়েছে বিএনপি। এখন তারা ভিন্নপথে সরকার উত্খাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
 
সোমবার সকালে নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কৃষকলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
 
ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য ইহুদী রাষ্ট্র ইসরাঈলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে হাত মিলিয়েছে।
 
তিনি বলেন, জনগণের ভোটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হারানো যাবে না জেনেই বিএনপি দেশি-বিদেশি অপশক্তির সাথে হাত মিলিয়েছে।
 
কৃষকলীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
 
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক রেজা ও সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু।