বৌদ্ধভিক্ষু হত্যা: তিনজন ৫ দিনের রিমান্ডে

আপডেট : ১৬ মে ২০১৬, ১৪:৩৯
 
বান্দরবানের বাইশারীতে বৌদ্ধভিক্ষু হত্যার ঘটনায় তিনজনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হানিফ এই আদেশ দেন।
 
তারা হলেন-স্থানীয় চাক সম্প্রদায়ের হ্লামং চাক, মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক জিয়া উদ্দিন ও রহিম।
 
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিসুর রহমান জানান, বাইশারী চাকপাড়া বৌদ্ধবিহারের প্রধান ভিক্ষু মংসই উকে (৭৮) গলা কেটে হত্যার ঘটনায় তিনজনকে আদালতে হাজির করা হয়। সেখানে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হলে আদালত তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
গত শনিবার ভোরে মংসই উকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভিক্ষুর ছেলে চিংসাউ চাক ঐদিন সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করে।