জন্মদিনে জোকোভিচকে হারিয়ে রোম মাস্টার্সের চ্যাম্পিয়ন মারে

আপডেট : ১৬ মে ২০১৬, ১৬:০৫
জন্মদিনটা বোধহয় এর চেয়ে দারুণ হতে পারতো না ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারের। নিজের ২৯তম জন্মদিনে প্রথমবারের মতো ক্লে কোর্টে নোভাক জোকোভিচকে হারালেন মারে। সঙ্গে হাতে তুললেন রোম মাস্টার্সের শিরোপাও।
 
রবিবার ফাইনালে বিশ্বের এক নম্বর জোকোভিচকে ৬-৩, ৬-৩ গেমে হারান মারে।
কিছুদিন আগেই মাদ্রিদ মাস্টার্সের ফাইনালে সার্বিয়ান এই তারকার কাছেই পরাজিত হয়ে শিরোপা হাতছাড়া করেছিলেন মারে। রোমে মারের এটি প্রথম শিরোপা। তবে ক্লে কোর্টে এটি তার দ্বিতীয় মাস্টার্স শিরোপা। ফ্রেঞ্চ ওপেন শুরু হওয়ার ঠিক সপ্তাহখানেক আগে এই শিরোপা মারেকে আত্মবিশ্বাসের রসদ যোগান দেবে।
 
উল্লেখ্য, ১৯৩১ সালে জর্জ প্যাট্রিক হিইজেসের পরে ব্রিটিশ পুরুষ কোনও খেলোয়াড়ের এই টুর্নামেন্টের শিরোপা প্রাপ্তি এটাই প্রথম।