নিজের বাজে ফর্ম কাটানোর আভাস দিয়েছিলেন। দুঃসময় কাটিয়ে শিরোপার প্রায় কাছাকাছি চলে গেলেও অল্পের জন্য পারলেন না দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। আফ্রোএশিয়া ব্যাংক মরিশাস ওপেনে শেষ পর্যন্ত এগিয়ে থেকেও দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের সেরা এই গলফার। একটুর জন্য পারলেন না এশিয়ান ট্যুরের তৃতীয় শিরোপাটি জিততে।
সব মিলিয়ে পারের চেয়ে ৫ শট কম খেলেন সিদ্দিকুর। প্রথম হওয়া দক্ষিণ কোরিয়ার জেউনগুন ওয়াং তার চেয়ে ১ শট কম খেলেন। রবিবার চতুর্থ রাউন্ডে ১৫তম হোলের পরও ওয়াংয়ের চেয়ে ৩ শট এগিয়ে ছিলেন সিদ্দিকুর। কিন্তু তিনি পরের হোলে ডাবল বগি আর ১৭তম হোলে বগি করায় স্কোর সমান হয়ে যায়। শেষ হোলে ওয়াং বার্ডি করলেও পারেননি সিদ্দিকুর করেন পার।
অ্যানাহিতার ফোর সিজনস গলফ ক্লাব কোর্সে পারের চেয়ে ২ শট বেশি খেলেন তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে থাকা সিদ্দিকুর। শেষ রাউন্ডে একেবারে শেষ হোলে পিছিয়ে পড়েন তিনি, হাতছাড়া করেন শিরোপা। ৩১ বছর বয়সী এই গলফার এদিন তিনটি বার্ডির পাশাপাশি তিনটি বগি করা ছাড়াও মারেন ম্যাচ প্রায় ঘুরিয়ে দেওয়া ১৬তম হোলের ডাবল বগিটি।
১০ লাখ ইউরোর এই টুর্নামেন্টে দ্বিতীয় হয়ে ১ লাখ ২৬ হাজার ৫৬৪ ডলার পেয়েছেন সিদ্দিকুর। চলতি বছর এটি তার খেলা নবম এশিয়ান ট্যুরের আসর। গত বছরই পিঠের চোট পিছু নিয়েছিল। নতুন বছরের শুরুতেও সেটা পিছু ছাড়েনি; নিজের প্রথম টুর্নামেন্টে সিঙ্গাপুর ওপেনের দ্বিতীয় রাউন্ডে কাট-এর নিচে থেকে ছিটকে পড়েন তিনি।
২০১০ সালে ব্রুনাই ওপেনে চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান ট্যুরের প্রথম শিরোপা জিতেছিলেন সিদ্দিকুর। তার দ্বিতীয় ট্রফিটি আসে ২০১৩ সালে হিরো ইন্ডিয়ান ওপেনে।
