বিশ্বরেকর্ড করা হালিমকে ওয়ালটনের সংবর্ধনা

আপডেট : ১৬ মে ২০১৬, ১৮:০৩
২০১১ সালে বল মাথায় নিয়ে টানা ১৫.২ কিলোমিটার পথ হেঁটে বিশ্ব রেকর্ড গড়েছিলেন আব্দুল হালিম।  এরপর ২০১৫ সালের নভেম্বর মাসে আরো একটি রেকর্ড গড়েন তিনি। এবার বল মাথায় নিয়ে স্কেটিং জুতা পরে ২৭.৬৬ সেকেন্ড সময়ে ১০০ মিটার অতিক্রম করে এই রেকর্ড গড়েন হালিম।
 
চলতি বছরের মার্চ মাসের ২৪ তারিখ ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’ কর্তৃপক্ষের কাছ থেকে তার রেকর্ডের স্বীকৃতি হিসেবে সনদপত্রও পেয়েছেন তিনি।
 
বিরল দুই-দুটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী আব্দুল হালিমকে সংবর্ধনা দিয়েছে ওয়ালটন গ্রুপ। রবিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাকক্ষে ক্রেস্ট ও নগদ দেড় লাখ টাকা দেওয়ার পাশাপাশি উপহার হিসেবে হালিমকে একটি স্মার্টফোন প্রদান করে প্রতিষ্ঠানটি।
 
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংসদীয় কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল, এমপি। তিনি বলেন, ‘দুই দুটি রেকর্ড গড়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করার জন্য আব্দুল হালিমকে ধন্যবাদ জানাই। সে আসলে একজন ফুটবল জাদুকর। তবে পা দিয়ে নয়, মাথা দিয়ে। পর পর দুটি রেকর্ড গড়া সত্যিই ব্যতিক্রম কিছু। এই রেকর্ড গড়তে সারা বিশ্বের মানুষকে টক্কর দিতে হয়েছে। প্রতিযোগিতায় শেষ পর্যন্ত টিকে থেকে শীর্ষস্থান অধিকার করতে হয়েছে। আর্থিক, পারিবারিকসহ নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে এই মানুষটি এতোদূর উঠে এসেছে।’
 
হালিমকে চাকরি ও ভাতা দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রী, ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীর সঙ্গে কথা বলে দেখব হালিমের জন্য স্থায়ী কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় কিনা। আমাদের প্রধানমন্ত্রী খেলাধুলার বিষয়ে খুবই আগ্রহী। তার সঙ্গে কথা বলে দেখব হালিমের জন্য ভাতার ব্যবস্থা করা যায় কিনা। তবে সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। ওয়ালটন গ্রুপের মতো অন্যান্য স্টেকহোল্ডাররা এগিয়ে আসলে এই কাজগুলো আরো সহজ হয়ে যাবে।’
 
দুই দুটি গিনেস রেকর্ডধারী আব্দুল হালিম বলেন, ‘কিভাবে বক্তব্য দিতে হয় সেটা আমি জানি না। আমি শুধু ধন্যবাদ দিতে চাই ওয়ালটন গ্রুপকে। তারা আমাকে দুটি রেকর্ড গড়তে সহায়তা করেছে। ধন্যবাদ দিতে চাই আমার এই রেকর্ড গড়ার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে। 
 
সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু ও এটিএন বাংলার পিএস টু চেয়ারম্যান মীর মোহাম্মদ মোতাহার হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম এন্ড এডমিন) এসএম জাহিদ হাসান, সিনিয়র এডিশনাল ডিরেক্টর ও স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু ও এটিএন বাংলার পিএস টু চেয়ারম্যান মীর মোহাম্মদ মোতাহার হাসান।