ব্রহ্মপুত্র ও গঙ্গার পানি ঘুরিয়ে নেবে ভারত

আপডেট : ১৬ মে ২০১৬, ১৮:৪১
খরা মোকাবেলা করতে ভারতের ভেতর দিয়ে যাওয়া বড় নদীগুলোর পানি ঘুরিয়ে নেয়ার কাজ করছে ভারত। খরা কবলিত রাজ্যগুলোকে পানি দিতে ব্রহ্মপুত্র ও গঙ্গার মত নদীগুলো থেকে পানি সরিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে দেশটির।
 
সংযোগ খালের মাধ্যমে নদীগুলো থেকে পানি সরিয়ে নেয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ভারত সরকার। বিবিসিকে দেয়া সাক্ষাতকারে এমন কথা জানিয়েছেন দেশটির পানিমন্ত্রী উমা ভারতী।
 
৩০ টি কৃত্রিম খালের মাধ্যমে পানি সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে ভারত। একে আন্তনদী সংযোগ প্রকল্প নাম দিয়েছে দেশটি। এর মধ্যে ১৪ টি খালে পানি আসবে হিমালয়ের হিমবাহ থেকে। আর বাকি ১৬টিতে ভাটির নদীগুলো থেকে পানি সরিয়ে নেয়া হবে।
IMG0
প্রকল্প থেকে সরে আসতে পরিবেশবাদীরা জোর দাবি জানালেও তা বাস্তবায়নে অনড় ভারত। পরিবেশবাদীরা বলছে প্রকৃতিতে এত বড় পরিবর্তন বিপর্যয় ডেকে আনবে। তবে সুপ্রিম কোর্ট সরকারকে কাজ চালিয়ে যেতে বলেছে।
 
উমা ভারতী বিবিসিকে বলেন, 'আন্তনদী সংযোগ প্রকল্প বাস্তবায়ন করা বর্তমান সরকারের অনেক বড় এজেন্ডা। আমরা বর্তমানে পাঁচটি সংযোগ খল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। উত্তর ও মধ্যপ্রদেশের কেন-বেতওয়া যুক্ত করার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। যে কোন সময় খালটি উদ্বোধন করা হবে। আমাদের এর পরের কাজ হবে মুম্বাইয়ের পানি সংকট নিরসন করা। দামনাগঙ্গা-পিঞ্জল যুক্ত করার মাধ্যমে মুম্বাইয়ের সমস্যার সমাধান করা হবে।'
 
আন্তনদী সংযোগ প্রকল্পের উদ্দেশ্য হিসেবে ভারত বলছে, সেচ ও পানীয় জলের অভাব মেটাতে নদী থেকে পানি প্রত্যাহার করা হবে। এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা।