এটা আমার সেরা মৌসুম নয়: নেইমার

আপডেট : ১৬ মে ২০১৬, ১৯:৪৪
বার্সেলোনার লা লিগা শিরোপা ধরে রাখায় গুরুত্বপূর্ণ অবদান রাখা নেইমারের বিশ্বাস, উন্নতির আরও অনেক জায়গা আছে তার। ২০১৫-১৬ তার ক্যারিয়ারের সেরা মৌসুম নয় বলেও মনে করেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।
 
 
এ মৌসুমের শুরুতে দুর্দান্ত খেলেছেন নেইমার। চোট পেয়ে প্রায় দুই মাসের জন্য ছিটকে পড়া লিওনেল মেসির অনুপস্থিতিতে দলের হালও ধরেছিলেন। মৌসুমের দ্বিতীয়ভাগে কিছুটা ছন্দ হারালেও সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৪৮ ম্যাচে ৩০ গোল করেন তিনি।
 
এবারের লিগে ২৪ গোল করা ছাড়াও সতীর্থদের দিয়ে ১২টি গোল করান নেইমার। পরিসংখ্যানের আলোয় অনেক ফুটবলারের জন্যই এটা দারুণ একটা মৌসুম, ধারাবাহিক পারফরম্যান্সের উদাহরণ। তবে গত বছরের বর্ষসেরা ফুটবলারের দৌড়ে তৃতীয় হওয়া নেইমার এটাকে সেরা মৌসুম মানতে নারাজ। নিজের পারফরম্যান্সেও তাই উন্নতির অনেক জায়গা দেখছেন তিনি।
 
গ্লোবো এস্পোর্তোকে নেইমার বলেন, এটা আমার ক্যারিয়ারের সেরা মৌসুম নয়। সবসময় আমি আমার আগের পরিসংখ্যান ছাড়িয়ে যেতে এবং আমার রেকর্ডের উন্নতি করতে চাই। দিনের পর দিন আমি ভালো করে যেতে চাই। নিজের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট না হওয়া নেইমার শিরোপা জিতে গর্বিত নেইমার।
 
লা লিগায় আমরা যা জিতেছি তাতে আমি গর্বিত, শুধু নিজের পারফরম্যান্সে নয় বরং পুরো দলের সাফল্যের জন্য। শিরোপার জন্য আমাদের কঠিন পরিশ্রম করতে হয়েছে, সবশেষে এর পুরস্কার পেয়েছি আমরা। গোল.কম।