যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে সম্পর্ক উষ্ণ নাও হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রায় নিশ্চিত করে ফেলা ট্রাম্প গত বছর নির্বাচনী প্রচারণার শুরুর দিকে মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে ব্যাপকভাবে সমালোচিত হন।
ট্রাম্পের মুসলিম বিদ্বেষী মন্তব্যের সমালোচনা করে গত বছর ডিসেম্বরে তার প্রস্তাবকে ‘সাম্প্রদায়িক, বোকামি ও ভুল’ বলে মন্তব্য করেন ক্যামেরন। ক্যামেরনের এ মন্তব্য অবহেলায় উড়িয়ে দিয়ে যুক্তরাজ্যের টেলিভিশন চ্যানেল আইটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মনে হচ্ছে আমাদের দুজনের মধ্যে খুব ভাল সম্পর্ক থাকবে না। আমি তার সঙ্গে ভাল সম্পর্ক স্থাপনের আশা রাখি। কিন্তু সম্ভবত তিনি এই সমস্যার সমাধান চান না।
পাকিস্তান বংশোদ্ভূত লন্ডনের নতুন মেয়র সাদিক খানও ট্রাম্পের মুসলিম বিদ্বেষী মন্তব্যের সমালোচনা করে বলেছেন, ইসলাম নিয়ে ট্রাম্পের মতামত ‘মূর্খের’ মত এবং এ ধরনের মন্তব্য উভয় দেশকে ‘আরো অনিরাপদ’ করবে। সাদিক খানের মন্তব্য সম্পর্কে ট্রাম্প বলেন, লন্ডনের মেয়র কি বললেন তা নিয়ে আমার কোনও মাথাব্যাথা নেই। তার এই বিবৃতি খুবই রূঢ়। তাকে বলবেন, আমি এ বিবৃতিগুলো মনে রাখব। এগুলো খুবই জঘন্য বিবৃতি।
যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকা উচিৎ নাকি উচিৎ না সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, যুক্তরাজ্যের জন্য ইইউ কি করেছে? আমার মনে হয় ইইউ বিষয়টিই একটি বিপর্যয়, খুবই আমলাতান্ত্রিক এবং খুবই কঠিন। যদি আমি যুক্তরাজ্যের নাগরিক হতাম তবে আমি সম্ভবত ইইউ’তে থাকতে চাইতাম না। ওয়াল স্ট্রিট জার্নাল।
