যশোরের অভয়নগর উপজেলায় স্বামী আব্দুল করিম খান হত্যা মামলায় স্ত্রী মোসাম্মাৎ স্নিদ্ধাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন। রায় প্রদানকালে আসামি ¯আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০১০ সালের ৪ সেপ্টেম্বর রাতে যশোর জেলার অভয়নগর উপজেলার বইকারা গ্রামের আব্দুল করিম খানকে পরকীয়া প্রেমের জেরে স্ত্রী স্নিন্ধা (৩৫) ও ছেলে কেএম সাজ্জাদুজ্জামান জিসান (১৫) কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রহীম খান অভয়নগর থানায় আব্দুল করিম খানের স্ত্রী স্নিগ্ধা ও ছেলে জিসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় স্নিগ্ধাকে এ সাজা দেন আদালত। অপর আসামি জিসান কিশোর হওয়ায় তার বিচারকার্য যশোর কিশোর আদালতে চলছে।
