‘ঘটনার দিন স্টেডিয়ামের সামনে ওত পেতে ছিলেন ৮-১০ জন র্যাব সদস্য’

আপডেট : ১৭ মে ২০১৬, ০৯:৪৯
নজরুল ইসলামসহ ৭ জনকে তুলে নেবার আগে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে ৮-১০ জন র্যাব সদস্যকে ওত্ পেতে থাকতে দেখেছি। তাদের গায়ে কালো রঙয়ের পোশাক এবং কাঁধে ইংরেজিতে র্যাব (আরএবি) লেখা ছিল। ওই সময় ভেবেছিলাম র্যাব সদস্যরা হয়তো কোনো চেক পোস্ট বসাবে। তাদের সবার হাতে অস্ত্র ছিল।
 
সোমবার নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেনের আদালতে চাঞ্চল্যকর ৭ খুনের মামলায় ঘটনার প্রত্যক্ষদর্শীর সাক্ষী হিসেবে সিদ্ধিরগঞ্জের বাসিন্দা মোহাম্মদ আলী এ সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্য গ্রহণের সময় নূর হোসেন, তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন এবং এমএম রানাসহ ২৩ আসামির সবাই আদালতে উপস্থিত ছিল।
 
সাক্ষী মোহাম্মদ আলী ঢাকার ফকিরাপুল এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ২০১৪ সালের ২৭ এপ্রিল ঘটনার দিন নারায়ণগঞ্জ আদালতে একটি মামলায় বড় ভাই মোস্তফা কামালসহ হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে কর্মস্থলে যাবার পথে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে র্যাবের ওই সদস্যদের দেখতে পান। গতকাল ৭ খুনের  ঘটনায় আদালতে ৩ জন ম্যাজিস্ট্রেটসহ মোট ৫ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্য প্রদান শেষে বিচারক সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন আগামী ২৪ মে।
 
গতকাল যারা আদালতে সাক্ষ্য প্রদান করেন তারা হলেন-নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফ, নারায়ণগঞ্জের সাবেক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ার বেগম, সিদ্ধিরগঞ্জের বাসিন্দা মোহাম্মদ আলী এবং অ্যাডভোকেট হুমায়ুন কবীর।